টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ০০:৩৬
অপরাজেয় থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে ভারত। আগেই সুপার এইট নিশ্চিত করা সূর্যকুমারের দল শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে।
আহমেদাবাদে ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রানে থামে নেদারল্যান্ডস। ব্যাট হাতে দারুণ লড়াই উপহার দিলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
অলরাউন্ডার বাস ডি লিড ২৩ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। মিডল অর্ডারে জ্যাক লায়ন-ক্যাশে ঝড়ো গতিতে ২৬ এবং নোয়া ক্রোস ১২ বলে অপরাজিত ২৫* রান করেন। এছাড়া মাইকেল লেভিট (২৪), কলিন অ্যাকারম্যান (২৩) ও ম্যাক্স ও’ডাউড (২০) বিশের ঘরে রান করলেও সেটা যথেষ্ট ছিল না।
বল হাতে তিন ওভারে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। শিভম দুবে শিকার করেন দুটি উইকেট। হার্দিক পান্ডিয়া ও জসপ্রীত বুমরা নেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান তোলে বর্তমান চ্যাম্পিয়নরা।
যদিও স্বাগতিকদের শুরুটা ছিল হতাশাজনক। টপ অর্ডারে আরিয়ান দত্তের আঘাতে অভিষেক শর্মা আবারও শূন্য রানে ফেরেন। ধাক্কা সামলে ফর্মে থাকা ওপেনার ইশান কিষান দ্বিতীয় উইকেটে তিলক বর্মার সঙ্গে গড়েন ৩৯ রানের জুটি। দত্ত ফের আঘাত হানলে সাত বলে দুই চার ও এক ছক্কায় ১৮ রান করে বিদায় নেন কিশান।
তিলক বর্মা এরপর অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে তৃতীয় উইকেটে ৩০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ২৭ বলে ৩১ রান করে নবম ওভারে ফিরে যান তিলক।
৯ ওভারে ৩ উইকেটে স্কোর যখন ৬৯, তখন ব্যাট করতে নামেন দুবে। তার পরই বিস্ফোরক হাফসেঞ্চুরিতে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তিনি।
৩১ বলে ৬৬ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে ছয়টি ছক্কা ও চারটি চার মারেন দুবে। তাকে দারুণভাবে সঙ্গ দেন সূর্যকুমার যাদব (৩৪) ও হার্দিক পান্ডিয়া (৩০)। সূর্যের সঙ্গে মিলে ২৭ বলে ঝড়ো জুটিতে যোগ করেন ৪১ রান। তার পান্ডিয়াকে সঙ্গে নিয়েও ৩৫ বলে আরও ৭৬ রান যোগ করেন দুবে! তাতেই স্কোরবোর্ড এতদূর গেছে।
নেদারল্যান্ডসের হয়ে লোগান ফন বিক তিন উইকেট নিলেও চার ওভারে ৫৬ রান দিয়েছেন। আরিয়ান দত্ত নেন দুটি উইকেট এবং কাইল ক্লেইন একটি উইকেট শিকার করেন।
খেলাধুলা থেকে আরো পড়ুন