ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ একটি সাধারণ ক্ষমা প্রস্তাবের ঘোষণা দিয়েছেন, যার ফলে শত শত বন্দি মুক্তি পেতে পারেন। যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর এই সাধারণ ক্ষমার ঘোষণাকে দেশটির রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে রদ্রিগেজ বলেন, “১৯৯৯ সাল থেকে এখন পর্যন্ত রাজনৈতিক সহিংসতার পুরো সময়কে অন্তর্ভুক্ত করে আমরা একটি সাধারণ ক্ষমা আইন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি বলেন, এই আইন দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত ও সহিংসতার কারণে তৈরি বিভাজন দূর করতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং ভেনেজুয়েলার জনগণের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সহায়ক হবে।
রদ্রিগেজ জানান, প্রস্তাবিত এই আইন দ্রুত পর্যালোচনার জন্য জাতীয় পরিষদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) তোলা হবে। একই সঙ্গে তিনি কারাকাসের কুখ্যাত গোয়েন্দা আটক কেন্দ্র ‘এল হেলিকোয়েদে’ বন্ধ করার ঘোষণা দেন। ভবিষ্যতে এটি আশপাশের এলাকার মানুষের জন্য সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
মানবাধিকার সংগঠন ফোরো পেনাল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তবে তারা বলেছে, কোনো ধরনের বৈষম্য ছাড়াই সব রাজনৈতিক বন্দির ক্ষেত্রে এই আইন কার্যকর হতে হবে। সংগঠনটির সভাপতি আলফ্রেদো রোমেরো সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “সাধারণ ক্ষমা তখনই গ্রহণযোগ্য হবে, যখন তা পুরো নাগরিক সমাজকে অন্তর্ভুক্ত করবে, দায়মুক্তির ঢাল হয়ে উঠবে না এবং রাজনৈতিক নিপীড়নের কাঠামো ভাঙতে সহায়তা করবে।”
ফোরো পেনালের হিসাবে, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বর্তমানে দেশজুড়ে ৭১১ জন আটক রয়েছেন, যাদের মধ্যে ১৮৩ জনের সাজা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, রদ্রিগেজ ক্ষমতা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০২ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে মানবাধিকারকর্মী এদুয়ার্দো তোরেসও রয়েছেন, যিনি শুক্রবার রাতে মুক্তি পান।
দীর্ঘদিন ধরেই বন্দিদের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। যদিও সরকার দাবি করছে, ৬০০ জনের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, তবে কারাকর্মকর্তারা রাজনৈতিক বন্দি রাখার অভিযোগ অস্বীকার করেছেন এবং মুক্তির সুনির্দিষ্ট সময়সূচি জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
বিদেশ থেকে আরো পড়ুন