প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:১৮
বিশ্বকাপের মঞ্চে নেই বাংলাদেশ, তবে মিরপুরের ২২ গজে ঠিকই উত্তাপ ছড়াতে প্রস্তুত জাতীয় দলের তারকারা। অলস সময় না কাটিয়ে ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে রাখতে বিসিবি আয়োজন করছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’।
রোববার এই টুর্নামেন্টের জন্য তিনটি শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলগুলোর নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত এবং যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশের দলে রয়েছে সবচেয়ে ভয়ংকর পেস আক্রমণ। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের মতো তারকা পেসাররা খেলবেন এই দলে। স্পিনে নাসুম আহমেদ এবং ব্যাটিংয়ে তাওহিদ হৃদয় ও তানজিদ তামিম খেলবেন।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশ দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব ও উইকেটকিপার নুরুল হাসান সোহান। পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ ও সাইফউদ্দিন। আকবর আলীর নেতৃত্বে দুরন্ত একাদশ দলটি সাজানো হয়েছে মূলত বয়সভিত্তিক ও হাই-পারফরম্যান্স ইউনিটের একঝাঁক প্রতিভাবান তরুণ ক্রিকেটার নিয়ে।
আগামী ৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে চার দিনের এই টুর্নামেন্টের। দর্শকদের বিনোদনের জন্য প্রতিদিন বিকেল ৪টায় থাকবে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টায় ফ্লাডলাইটের আলোয় শুরু হবে মাঠের লড়াই। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের সেরা দুই দল নিয়ে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জমজমাট ফাইনাল।
| ম্যাচ | ভেন্যু | তারিখ | সময় |
|---|---|---|---|
| ধূমকেতু একাদশ-দুরন্ত একাদশ | মিরপুর শেরেবাংলা | ৫ ফেব্রুয়ারি | সন্ধ্যা ৬টা |
| ধূমকেতু একাদশ-দুর্বার একাদশ | মিরপুর শেরেবাংলা | ৬ ফেব্রুয়ারি | সন্ধ্যা ৬টা |
| দুর্বার একাদশ-দুরন্ত একাদশ | মিরপুর শেরেবাংলা | ৭ ফেব্রুয়ারি | সন্ধ্যা ৬টা |
| ফাইনাল | মিরপুর শেরেবাংলা | ৯ ফেব্রুয়ারি | সন্ধ্যা ৬টা |
একনজরে তিন দলের চূড়ান্ত স্কোয়াড:
ধূমকেতু একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আল ফাহাদ।
দুরন্ত একাদশ: আকবর আলী (অধিনায়ক), জিশান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আবদুল গাফফার সাকলাইন, মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।
খেলাধুলা থেকে আরো পড়ুন