Eibela News আজ বৃহস্পতিবার | ০২ এপ্রিল ২০২৬ | ... |
সর্বশেষ
রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা | সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী তারেক রহমান | স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন প্রধানমন্ত্রী | এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী | ড. খলিলুরকে অভিনন্দন জানালো চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা | জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট | জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন | তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির | ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী, কম সিলেটে | নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

আইন

‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলব’, হুমকি বিএনপি নেতাকে

প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬ ১৫:৪৬

হুমকিদাতা চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ইমন।

চট্টগ্রামে বিএনপির এক নেতাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে বলতে শোনা যায়, ‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলব।’ হুমকি পাওয়া ওই ব্যক্তির নাম আজিজ উদ্দিন। তার দাবি, হুমকিদাতা চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ইমন।

আজিজ উদ্দিন নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বিএনপির নির্বাচনী প্রচারণায় গুলিতে নিহত সরোয়ার হোসেন ওরফে বাবলার ছোট ভাই। আজিজ জানান, রোববার তার হোয়াটসঅ্যাপে এই হুমকির অডিও পাঠানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটির দৈর্ঘ্য প্রায় দুই মিনিট ৩০ সেকেন্ড। এতে শুরুতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্লীল ভাষায় কথা বলতে শোনা যায়। অডিওতে আজিজকে উদ্দেশ্য করে বলা হয়, প্রশাসনের নিরাপত্তা কত দিন থাকবে এবং ১০ হাজার মানুষের মাঝখানে তার ভাইকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তাকেও একইভাবে হত্যা করা হবে—এমন হুমকি দেওয়া হয়। একাধিকবার প্রকাশ্য হত্যার কথা উল্লেখ করে ভয়ভীতি দেখানো হয় ওই অডিওতে।  

আজিজ উদ্দিন বলেন, তার ভাই সরোয়ার হোসেনকে গুলি করে হত্যার পর থেকেই সন্ত্রাসীরা তাকে নিয়মিত হুমকি দিচ্ছে। সর্বশেষ হুমকির পর তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বিষয়টি মৌখিকভাবে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং চট্টগ্রাম নগর পুলিশের কমিশনারকে অবহিত করেছেন বলে জানান।

হুমকির অভিযোগে যার নাম উঠে এসেছে, সেই মোবারক হোসেন ওরফে ইমন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। খুন, চাঁদাবাজি ও প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় তার নাম বিভিন্ন সময় আলোচনায় এলেও পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি।

মোবারক হোসেন ইমন পলাতক থাকায় হুমকির বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহিদুল কবির সমকালকে বলেন, ‘সন্ত্রাসী মোবারককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হুমকিসহ বিভিন্ন অপরাধ করে আসছেন বলে পুলিশ জানতে পেরেছে।’

প্রসঙ্গত, গত বছরের ৫ নভেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সরোয়ার হোসেন ওরফে বাবলা। ওই ঘটনায় বিএনপি প্রার্থীসহ চারজন আহত হন। এ মামলায় পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করলেও এখনও হত্যাকারীকে শনাক্ত করতে পারেনি।

 

আইন থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন