প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ২৩:৫৭ (মঙ্গলবার)
শীতে যেসব ভুলে চুল রুক্ষ হয়ে যায়

শীতকাল ত্বক ও চুলের জন্য সুবিধার ঋতু নয়। এসময় ত্বকের মতো চুলেরও নিতে হয় বাড়তি যত্ন। আবার অধিক যত্ন নিতে গিয়ে ভুলও করা যায় না। এতে চুল রুক্ষ হয়ে যায়, চুল পড়াও বেড়ে যায়। 

শীতে চুল ভালো রাখতে যেসব ভুল করা যাবে না  

রোজ শ্যাম্পু করা 
শীতে চুলে বেশ ময়লা জমে। তাই অনেকে রোজ শ্যাম্পু করেন। কিন্তু এটি করা যাবে না। সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করুন। চুলের শুষ্ক ভাব এড়াতে ভালো মানের শ্যাম্পু ব্যবহার করা জরুরি। তাই সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। প্রয়োজনে সপ্তাহে একদিন ক্লারিফাইং শ্যাম্পু এবং একদিন হাইড্রেটিং শ্যাম্পু ব্যবহার করুন। 

কন্ডিশনার ব্যবহার না করা 
অনেকে সময়ের অভাবে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করেন না। এতে চুল রুক্ষ হয়, চুল ঝরে যায়। চুলের মাঝখান থেকে ডগা পর্যন্ত ভালো করে কন্ডিশনার মাখুন। ২-৩ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন। কন্ডিশনার চুলের ময়েশ্চার ধরে রাখে। শুষ্ক আবহাওয়ার মধ্যেও চুলকে নরম ও কোমল রাখে।

হেয়ার ড্রায়ার, স্টাইলিং টুলসের ব্যবহার 
চুল তাড়াতাড়ি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এমনকি স্টাইলিং টুলসও এড়িয়ে চলুন। এতে চুল বেশি নষ্ট হয়। শীতকালে চুল আরও শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠে। এছাড়া চুল ভালো রাখতে বাইরে গেলে বেঁধে রাখুন।