প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১৭:৫২ (মঙ্গলবার)
অপরাজিত থেকে গ্রুপপর্ব শেষ বাংলাদেশের, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রেখে নারীদের এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্ব শেষ করে সেমিফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।  ব্যাংককে মালয়েশিয়াকে ৯০ রানে হারিয়ে গ্রুপ ‘বি’র শীর্ষস্থান নিশ্চিত করেছে ফাহিমা খাতুনের দল। 

এটি ছিল তাদের টানা তৃতীয় জয়। বাংলাদেশ এখন গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে লড়বে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল পাকিস্তান ‘এ’। 

টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন লতা মণ্ডল। তাছাড়া শারমিন সুলতানা ২৫ বলে করেন গুরুত্বপূর্ণ ৩০ রান। অধিনায়ক ফাহিমা খাতুনের ২৯ ও সাদিয়া আক্তারের ১৯ র‌ানের ক্যামিও দলকে লড়াকু পুঁজি এনে দিতে ভূমিকা রাখে।

জবাবে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ৬১ রানে থামে দলটির ইনিংস। লক্ষ্য তাড়ায় বড় কোনো জুটি গড়তে পারেনি স্বাগতিকরা। ফলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল।

বোলিংয়ে উজ্জ্বল ছিলেন ফাতেমা জাহান। ১০ রানে ৩ উইকেট নেন তিনি। শরিফা খাতুন শিকার করেন ১৩ রানে ২ উইকেট।