প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:৫২ (শুক্রবার)
তারেক রহমানকে শুভকামনা জানিয়ে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো চিঠি তুলে দিয়েছেন সে দেশের লোকসভার স্পিকার ওম বিরলা। চিঠিতে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুবিধাজনক দ্রুততম সময়ের মধ্যে স্ত্রী, কন্যাসহ ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

চিঠিতে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, “বাংলাদেশের সদ্য সমাপ্ত সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিযুক্তির জন্য আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই অফিসের উচ্চ দায়িত্ব গ্রহণের জন্য আমি আপনার প্রতিটি সাফল্য কামনা করি। আপনার এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রমাণ এবং দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার দৃষ্টিভঙ্গির প্রতি তাদের আস্থার প্রমাণ।”  

নরেন্দ্র মোদি উল্লেখ করেন, “দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের জনগণের আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে। আমাদের নিজ নিজ উন্নয়নমূলক অগ্রাধিকারের মধ্যে দৃঢ় সমন্বয় আমাদের ভবিষ্যতের সহযোগিতার জন্য একটি পথপ্রদর্শক নীতি হিসেবে কাজ করবে। আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং যোগাযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্য পরিষেবা, সাংস্কৃতিক ও মানুষে মানুষে যোগাযোগের মতো বিস্তৃত ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিয়ে যেতে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দিকে তাকিয়ে রয়েছি। দুটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং উচ্চাকাঙ্ক্ষী সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ সত্যিকার অর্থে একে অপরের স্থিতিশীল বিকাশের অনুঘটক হয়ে উঠতে পারে, একে অপরের নিরাপত্তার জন্য কাজ করতে পারে এবং পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারে।”  

এছাড়া চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে পারস্পরিক সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান। তিনি উল্লেখ করেন, “ভারত আপনাদের উষ্ণ অভ্যর্থনার অপেক্ষায় রয়েছে।” 

ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। পরে সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এক্সে প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার তথ্য জানান তিনি।

ওম বিরলা লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক এইমাত্র শেষ করেছি। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তাঁর কাছে হস্তান্তর করেছি। চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তাঁকে শুভকামনা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’

সাক্ষাৎ নিয়ে ভারতের লোকসভার স্পিকার আরও লিখেছেন, ‘ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’