রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী। তার রাজনৈতিক কোনও সম্পৃক্ততা নেই। রাতে তিনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা কেউ বুঝতে পারছেন না। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, আমাদের এখানে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে। মাথায়ও জখম দেখা গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ কারণে হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। নিহত ব্যক্তির কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততাও আমরা এখনও জানতে পারিনি। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.