প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:৫৬ (মঙ্গলবার)
উচ্চ মাধ্যমিকে প্রথম প্রেম, অভিজ্ঞতা সুখকর ছিল না সাদিয়া আয়মানের

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অল্প সময়েই নিজের অভিনয়গুণ আর মিষ্টি হাসি দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নাটকে সাবলীল উপস্থিতি ও চরিত্রে বৈচিত্র্য আনার দক্ষতায় তিনি এখন নির্মাতাদেরও ভরসার নাম। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি ঢাকা মেইলের সঙ্গে আলাপচারিতায় নিজের জীবনের প্রথম প্রেম নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

সাদিয়া জানান, তাঁর প্রথম প্রেমের সূচনা হয়েছিল উচ্চ মাধ্যমিকে পড়ার সময়। তবে সেই সম্পর্কের স্মৃতি খুব একটা সুখকর নয়। তাঁর ভাষায়, ‘উচ্চ মাধ্যমিকে পড়ার সময় প্রথম প্রেম হয়েছিল। কিন্তু সেই অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। ভালো থাকলে তো আজ তাঁর সঙ্গেই থাকার কথা।’ কথার ফাঁকেই স্পষ্ট হয়ে ওঠে অতীত নিয়ে তাঁর নিরাবেগ দৃষ্টিভঙ্গি।

অনেকের কাছেই প্রথম প্রেম মানে নস্টালজিয়া, মায়া আর স্মৃতির আবেগ। তবে সাদিয়ার ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। তিনি মনে করেন, যে সম্পর্ক বা মানুষ জীবনের পথ থেকে হারিয়ে যায়, তাকে ধরে রেখে সামনে এগোনো যায় না। অভিনেত্রী বলেন, ‘প্রথম প্রেম, প্রথম নাটক বা সিনেমার অনুভূতি অবশ্যই আলাদা। কিন্তু এখন প্রথম প্রেম নিয়ে বিশেষ কিছু মনে পড়ে না। যে মানুষ একবার হারিয়ে যায়, তাকে আমি মনে রাখি না। আমি ইমোশনাল হলেও ভেতরে ভেতরে অনেক শক্ত।’

কাজের প্রসঙ্গেও আশাবাদী সাদিয়া। নতুন বছরে ইতোমধ্যে তিনটি নাটকের কাজ শেষ করেছেন তিনি, যেগুলো আসছে ঈদুল ফিতরে মুক্তির সম্ভাবনা রয়েছে। ভালোবাসা দিবস ঘিরে নতুন কোনো কাজ না করলেও আগের কিছু কাজ প্রচারে আসতে পারে বলে জানান এই অভিনেত্রী। পাশাপাশি সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়াকে তিনি নিজের জন্য বড় সুখবর বলেই মনে করছেন।

অভিনয় আর পেশাদারিত্বের ভারসাম্য ধরে রেখে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছেন সাদিয়া আয়মান। অতীতের তিক্ত অভিজ্ঞতাকে পেছনে ফেলে তিনি এখন সামনে তাকাতেই বেশি স্বচ্ছন্দ।