৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের অপেক্ষার প্রহর শেষ হলো। ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী। উত্তীর্ণ প্রার্থীরা ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
মঙ্গলবার পরীক্ষার ১১তম দিনের মাথায় ফলাফল প্রকাশ করল পিএসসি।
গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এ আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।
গত রোববার পিএসসি জানিয়েছিল, ৫০তম বিসিএস প্রিলিমিনারি ও ৪৬তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। এ জন্য বিশেষ সভায় বসেছিল পিএসসি। গত রোববার ৪৬তম বিসিএসের চুড়ান্ত ফল প্রকাশ করা হলেও ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ করা হয়নি। গতকাল সোমবার ৫০তম বিসিএস প্রিলিমিনারি ফল প্রকাশের কথা জানিয়েছিল পিএসসির একটি সুত্র। কমিশনের অনুমোদনের পর ফলাফল আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে প্রকাশ হতে পারে বলে জানিয়েছিল ওই সুত্রটি। পরে রাতে পিএসসি জানায়, সোমবার ফল প্রকাশ হচ্ছে না। মঙ্গলবার ফল প্রকাশ করা হবে। আজ পিএসসি সেই ফল প্রকাশ করেছে।
পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দায়িত্ব নেওয়ার পর বিসিএসের পুরো প্রক্রিয়াটি ১২ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী আধুনিক ওএমআর (OMR) প্রযুক্তির সহায়তায় নির্ভুলভাবে উত্তরপত্র মূল্যায়ন শেষ করে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। পিএসসি জানিয়েছে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী মেধাবীদের দ্রুত সময়ের মধ্যে দেশ সেবায় যুক্ত করতেই কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে এই নিয়োগ কার্যক্রম চলছে। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে শূন্য পদের সংখ্যা ৬৫০টি। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও বিপুলসংখ্যক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীরা এখন ক্যাডার পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
পরীক্ষার্থীরা পিএসসির ওয়েবসাইট থেকে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রাখা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.