চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে চলমান আন্দোলন কর্মসূচি আরও কঠোর করেছে শ্রমিক-কর্মচারীরা। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে টানা ২৪ ঘণ্টা ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে তারা। তিন দিন ধরে প্রতিদিন আট ঘণ্টা কর্মসূচি পালন করে আসছিলেন তারা। আন্দোলন দমাতে কর্তৃপক্ষ ১৬ জনকে বদলি করায় এবং চুক্তি প্রক্রিয়া বাতিলের সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়ায় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান ও পরিচালক (প্রশাসন) ওমর ফারুককেও চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা এক প্রেস ব্রিফিংয়ে।
এনসিটি নিয়ে আন্দোলন করা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর শ্রমিকদল নেতা হুমায়ুন কবীর বলেন, ‘আজ টানা তৃতীয় দিন চলছে আমাদের ধর্মঘট। বন্দর কর্তৃপক্ষ চাচ্ছে বল প্রয়োগ করে কিংবা ক্ষমতার অপব্যবহার করে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে। অথচ আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা অবিলম্বে এ অন্যায় বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার সকাল আটটা পরবর্তী ২৪ ঘণ্টা বন্দরে ধর্মঘটের ঘোষণা দিচ্ছি। বিডার আশিক চৌধুরী, বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান ও পরিচালক ওমর ফারুকের অপসারণ দাবি করছি। তাদের বিচারের আওতায় আনারও দাবি জানাচ্ছি।’
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্দোলন দমাতে গতকাল পৃথক দুই আদেশে আরও ১২ কর্মচারীকে বদলি করেছিল। রোববার চট্টগ্রাম বন্দরের ‘চিফ পারসোনেল অফিসার এসব আদেশে সই করেন। আদেশে বদলিকৃত কর্মচারীদের আজ সোমবার দিনের প্রথম ভাগে বদলিকৃত জায়গায় যোগদান করতে বলা হয়েছে। এনসিটি ইজারার বিরুদ্ধে আন্দোলন শুরুর পর গত শনিবারও বন্দর কর্তৃপক্ষ পানগাঁও আইসিটিতে বদলি করে আন্দোলনকারী চার কর্মচারীকে।
এ নিয়ে মোট ১৬ জনকে বদলি করা হলো। কিন্তু বদলিকৃতদের কেউই নতুন কর্মস্থলে যোগ দেননি। উল্টো আন্দোলনে সক্রিয় আছেন তারা।
গতকালের দুই আদেশের একটিতে সাতজনকে বদলি করা হয়। তারা হলেন— পরিবহন বিভাগের উচ্চ বহিঃসহকারী মোহাম্মদ শফিউদ্দিন ও রাশিদুল ইসলাম, পরিকল্পনা বিভাগের স্টোনো টাইপিস্ট মো. জহিরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের এসএস পেইন্টার হুমায়ুন কবির, প্রশাসন বিভাগের উচ্চমান সহকারী শাকিল রায়হান, যান্ত্রিক বিভাগের ইসিএম ড্রাইভার মানিক মিজি এবং প্রকৌশল বিভাগের মেসন মো. শামসু মিয়া।
আরেক আদেশে পরিবহন দপ্তরের উচ্চ বহিঃসহকারী আবদুল্লাহ আল মামুন, মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পের স্টেনো টাইপিস্ট খন্দকার মাসুদুজ্জামান, যান্ত্রিক বিভাগের ইসিএম ড্রাইভার মো. লিয়াকত আলী, আমিনুর রসূল বুলবুল এবং যান্ত্রিক বিভাগের খালাসি মো. রাব্বানীকে বদলি করা হয়।
চট্টগ্রাম বন্দর থেকে তাদের ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে বদলি করা হয়েছে। তাদের পদ একই থাকবে।
‘জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজে’ বন্দর কর্তৃপক্ষ তাদের বদলি করেছে বলে আদেশে বলা হয়েছে।
তবে বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, ‘নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এসব বদলি করা হয়েছে।’
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ডে’র কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে দুই দিনের কর্মবিরতি শুরু হয়। আজ সোমবারও চলছে কর্মবিরতি। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আইটি ল্যাব সলিউশন্স লি.