টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাকিস্তান। তবে নাটকীয়তার এখানেই শেষ নয়। পাকিস্তান সরকার দলকে বিশ্বকাপে যাওয়ার অনুমতি দিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আর এই সিদ্ধান্তের পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কড়া সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
রোববার এক বিবৃতিতে পাকিস্তান সরকার নিশ্চিত করেছে যে, বাংলাদেশকে নিয়ে আইসিসির কথিত বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে।
পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক বিবৃতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জানিয়েছে, তারা যেকোনো রাষ্ট্রের নীতি ও সিদ্ধান্তকে সম্মান জানায়। তবে ভারত ম্যাচ বয়কটের মতো পদক্ষেপ কেবল বিশ্ব ক্রিকেটের জন্যই ক্ষতিকর হবে না, বরং পাকিস্তানসহ বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর মনে গভীর হতাশা তৈরি করবে।
বিবৃতিতে পিসিবিকে সতর্ক করে আইসিসি আরও জানায়, এই সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যতের ওপর এর দীর্ঘস্থায়ী ও গভীর প্রভাব নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবা উচিত। কারণ, আইসিসির অংশীদার ও সুবিধাভোগী হিসেবে পিসিবি নিজেও এই ক্ষতির ভাগীদার হবে। এমন সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটের সামগ্রিক কাঠামোই ক্ষতিগ্রস্ত হতে পারে।
আইসিসি জানিয়েছে, এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করা, যা সব সদস্য দেশেরই দায়িত্ব। এই অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষা করে একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার আশা প্রকাশ করেছে সংস্থাটি।
আইটি ল্যাব সলিউশন্স লি.