সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ নাছির উদ্দিন চৌধুরীর উপরই ভরসা রাখল বিএনপি। এ আসনের দলীয় প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন।
এরআগে সুনামগঞ্জ-২ আসনে দুজনকে মনোনয়ন প্রদান করেছিলো বিএনপি। প্রথমে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দীন চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়। পরে এ আসনে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্যপ্রবাসী নেতা তাহির রায়হান চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়। এতে ওই আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন করেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এক আসনে দুজন নেতা মনোনয়ন পাওয়ায় ওই এলাকার নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও বিভক্তির সৃষ্টি হয়েছিলো।
তবে শেষ পর্যন্ত নাছির চৌধুরীকেই চুড়ান্ত মনোনয়ন প্রদান করা হল। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাকে প্রার্থীতা নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত চিঠি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি। শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এ চিঠিতে নাছিরের প্রার্থীতার বিষয়টি উল্লেখ করে ধানের শীষ প্রতীকের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে।
মনোনয়নপত্র পেয়ে নাছির চৌধুরী বলেন, ‘বিএনপির চূড়ান্ত মনোনয়নপত্র পেয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে মহান মুক্তিযুদ্ধ ও উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হবে৷
তিনি বলেন, দিরাই-শাল্লার উন্নয়ন নিয়ে আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই৷ এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের মুখে হাসি ফোটাতে চাই৷ এটি আমার জীবনের শেষ নির্বাচন। আপনারা সবাই আমার পাশে থাকুন।’
নাছির চৌধুরী এই আসনে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে এবং নির্বাচনী এলাকার দিরাই উপজেলায় দুইবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে বয়োবৃদ্ধ এ নেতা নানা অসুস্থতায় ভূগছেন। চলাফেরা করতেও সমস্যা হয় তার।
এদিকে, সিলেট-৬ এবং সুনামগঞ্জ-১ আসনে দুজন করে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। এই দুই আসনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত জানা যায়নি।
আইটি ল্যাব সলিউশন্স লি.