প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৬ ১৮:৩০ (মঙ্গলবার)
মাদুরোকে তুলে নেওয়ার পর ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক

ভেনেজুয়েলার জনগণের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্টারলিংক।

এক্সে দেওয়া এক পোস্টে স্টারলিংক জানায়, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবায় প্রবেশাধিকার দেওয়া হবে। অর্থাৎ, ভেনেজুয়েলাবাসী বিনামূল্যে স্টারলিংকের নির্বিঘ্ন সংযোগ পাবেন। খবর বিবিসির

স্টারলিংক এমন এক সময় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালুর ঘোষণা দিল, যখন লাতিন আমেরিকার দেশটিতে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়েছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে আসা হয়েছে।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ৩ জানুয়ারি ভোরে এক অভিযানে মার্কিন বাহিনী দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। আগামী সপ্তাহে ম্যানহাটানের আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা মাদক ও অস্ত্র-সংক্রান্ত অভিযোগের বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে এসে বিচার মুখোমুখি হতে হবে বলে ফ্লোরিডার পাম বিচে মার-আ-লাগো বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতের কাছে প্রচুর ‘জোরালো প্রমাণ’ রয়েছে। ট্রাম্প বলেন, মাদুরোর অপরাধ একদিকে ভয়াবহ, অন্যদিকে হতবাক করে দেওয়ার মতো।